কক্সবাজারের পাহাড়ে গোলাগুলি, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পুলিশ লাইনের পেছনে বাদশাঘোনা পাহাড়ে গতকাল রোববার দিনদুপুরে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। সৈকত ও পাহাড়ি এলাকার জমির দখল-বেদখল এবং আধিপত্য বিস্তার নিয়ে দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে তিনটি কাটাবন্দুক, পাঁচটি কার্তুজ ও দুটি মুখোশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
নিহত দুজন হলেন বাদশাঘোনা এলাকার নুরুল আলম ওরফে নুরু ডাকাত (৪০) ও রোহিঙ্গা কালু মিয়া ওরফে কালু ডাকাত (২৮)। পুলিশ জানায়, নুরুল আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। আর রোহিঙ্গা কালু মিয়ার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাদশাঘোনা পাহাড়ের রোহিঙ্গা বসতিতে থাকতেন।
এর আগে গত শুক্রবার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতিবাজার এলাকায় রকি ও হাসনাত বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে শেখ আবদুল্লাহ নামের এক যুবক নিহত হন। বাদশাঘোনা পাহাড় ও সমিতিবাজারের মধ্যে দূরত্ব প্রায় আধা কিলোমিটার। দুই এলাকাতেই রোহিঙ্গা বসতি রয়েছে। পুলিশ বলছে, গতকালও রকি ও হাসনাত বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। তবে নিহত দুজন কোন সন্ত্রাসী দলের সদস্য, তা জানাতে পারেনি পুলিশ।
গতকাল বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুহাম্মদ মুরাদ জানান, দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আধিপত্য বিস্তার ও জমি দখলের ঘটনা নিয়ে রকি ও হাসনাত বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পাহাড়ে লুকিয়ে যায়। এ সময় পাহাড় থেকে নুরুল আলম ও কালু মিয়ার লাশ উদ্ধার করে। তিনি বলেন, গত শুক্রবার রাত থেকে দক্ষিণ রুমালিয়ারছড়া, এবিসিঘোনা, বাদশাঘোনাসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। তিনি বলেন, পৌর শহরের ভেতরে বিভিন্ন পাহাড় ঘিরে ১০-১২টি সন্ত্রাসী বাহিনী রয়েছে। যার বেশির ভাগ সদস্য রোহিঙ্গা। পুলিশ দুই বাহিনীর প্রধান রকি ও হাসনাতকে আগেই গ্রেপ্তার করেছে। অন্যান্য বাহিনীর সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।
নাম না প্রকাশের শর্তে বাদশাঘোনা পাহাড়ের একাধিক বাসিন্দা বলেন, পাহাড়ি পল্লিতে বাস করতে হলে নিয়মিত চাঁদা দিতে হয়। তা না হলে স্কুল-কলেজপড়ুয়া ছেলেমেয়েদের অপহরণের হুমকি দেয় সন্ত্রাসীরা। এলাকার জমি ক্রয়-বিক্রয়, ঘরবাড়ি নির্মাণ, সীমানাপ্রাচীর তৈরি, ব্যবসা-বাণিজ্য করতেও চাঁদা দিতে হয়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না। আবার ভয়ে তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খোলে না। স্থানীয় লোকজন জানান, সমুদ্রসৈকত এলাকায় প্রতি শতক জমির দাম এখন কোটি টাকা। আর সৈকতের পাশের পাহাড়ি খাসজমির দখল স্বত্ব বিক্রি হচ্ছে প্রতি শতক ১০ থেকে ১৫ লাখ টাকায়। জমির দখল ও বেদখল নিয়েই মূলত সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে বিরোধ বাড়ছে।
পুলিশ সূত্র ও পাহাড়ি এলাকার বাসিন্দারা জানান, রকি এবং হাসনাত এই দুই বাহিনীর প্রধান রকি ও হাসনাত দুজনই ছয় মাস ধরে কারাবন্দী। এখন রকি বাহিনীর নেতৃত্বে রয়েছেন রানা আর হাসনাত বাহিনী পরিচালনা করছেন নুরুল ইসলাম। কক্সবাজার শহরের পাহাড়ি এলাকায় এ রকম ১২টি সন্ত্রাসী বাহিনী রয়েছে। সেখানকার ২০টি পল্লির অন্তত দেড় লাখ মানুষ তাদের হাতে জিম্মি। এসব পল্লির বাসিন্দাদের মধ্যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রায় এক লাখ।
পুলিশ সূত্র জানায়, হাসনাত, রকি, নুরু, সিফাত, বশর, মুজিব, খুরশেদ, জাকির, পুতু, সৌরভ, সালাহউদ্দিন ও রফিক নামের ১২টি সন্ত্রাসী বাহিনী এলাকায় চুরি ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশ পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে। সন্ত্রাসীদের ব্যাপারে এলাকার কেউ মুখ খুলছে না। দিচ্ছে না কোনো তথ্য। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।