কক্সবাজার শহরের হাঙরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসার দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁরা আত্মহত্যা করেছেন বলে পুলিশ মোটামুটি নিশ্চিত।
নিহত দুজন হলেন আবদুস শুক্কুর (২৭) ও হাসিনা আক্তার (৩০)। তাঁদের বাড়ি কক্সবাজার শহরের মোহাজের পাড়ায়। তিন মাস ধরে তাঁরা হাঙরপাড়ায় সৌদিপ্রবাসী আব্বাস উদ্দিনের মালিকানাধীন ছয়তলা ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন।
পুলিশ বলছে, শুক্কুর ও হাসিনা দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ইয়াবা বড়িসহ হাসিনা দুবার আটকও হয়েছিলেন।
ওই বাড়ির তত্ত্বাবধায়ক মনির আলম প্রথম আলোকে বলেন, তিন মাস আগে হাসিনা আক্তার বাসাটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তাঁর মা, বোন ও একটি শিশু সঙ্গে এসেছিল। কয়েক দিন পর থেকে হাসিনার বাসায় যাতায়াত করতে থাকেন আবদুস শুক্কুর। বিষয়টি হাসিনার কাছে জানতে চান তিনি। হাসিনা তখন তাঁকে বলেছিলেন, শুক্কুর তাঁর স্বামী।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে ওই বাড়িতে ভাড়াটিয়াসম্পর্কিত তথ্য সংগ্রহ করতে যান তাঁরা। তখন শুক্কুর ও হাসিনা বাসায় ছিলেন না। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির তত্ত্বাধায়ক তাঁদের খবর দেন যে পাঁচতলার ওই ভাড়াটিয়ারা বাসায় রয়েছেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল সেখানে যায়। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় একটি কক্ষের মেঝেতে হাসিনার লাশ পাওয়া যায়। লাশের পাশে হারপিকের বোতল (টয়লেট পরিষ্কারের কাজে ব্যবহৃত তরলপদার্থ) পড়ে ছিল। লাশের মুখ থেকেও হারপিকের গন্ধ পাওয়া যাচ্ছিল। আর শুক্কুরের লাশ গলায় গামছা বাঁধা অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল।
গতকাল দুপুরে প্রথম আলোকে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানস বড়ুয়া বলেছেন, দুটি লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির তত্ত্বাবধায়ক মনির আলমকে থানায় ডেকে আনা হয়েছে।