কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী রফিক অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও রফিক্যা বাহিনীর প্রধান মো. রফিককে গোয়েন্দা পুলিশ গত শনিবার রাত ১১টায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে গ্রেপ্তার করেছে।
তার স্বীকারোক্তি মতে, পুলিশ কক্সবাজার পৌরসভার ইসলামপুর কবরস্থান থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ চারটি গুলি উদ্ধার করে। গতকাল রোববার সকালে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসী রফিক হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ২১টি মামলার পলাতক আসামি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকার জেলে শ্রমিক আবুল হোসেনের ছেলে এই রফিক বিভিন্ন এলাকার লোকজনকে পাহাড়তলিতে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করত। পাশাপাশি শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করত।
এর সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) দেওয়ান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ২১ মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী রফিককে গ্রেপ্তারের পর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।