কক্সবাজারের সাবেক এডিসিসহ ছয়জনের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ ছয় ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। জাফর আলম কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকা অবস্থায় এসব টাকা আত্মসাৎ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
গত সোমবার কক্সবাজার আদালতের বিচারক মীর শফিকুল আলম মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
গত ২২ মে মামলাটি দায়ের করেন কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুর রশিদ। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ে তিনটি ধার্য দিনে শুনানির পর মামলাটি আমলে নেওয়া হয়।
মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎ প্রকল্পের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় বর্তমানে কারাগারে আটক আছেন এডিসি জাফর আলম। অন্য আসামিরা হলেন চট্টগ্রামের কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার সুজিত চৌধুরী, অপু পাল, কুতুবদিয়ার বড়ঘোপ এলাকার ফরিদুল আলম, কক্সবাজার পৌরসভার বাহারছড়ার আবুল হোসেন ও গোলদীঘিরপাড়ের রাজীব পাল।
একই অভিযোগে দুদকের করা আরেকটি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, এডিসি জাফর আলমসহ চারজন কারাগারে আছেন।