কক্সবাজারের 'রেভি ম্যাডাম' কারাগারে
সমুদ্রপথে মানব পাচারের দায়ে কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ার রেজিয়া আকতার রেভি ওরফে ‘রেভি ম্যাডাম’কে গতকাল সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কক্সবাজার সদর হাসপাতাল এলাকা থেকে রেভি ম্যাডামকে গ্রেপ্তার করে। তিনি সোনারপাড়ার নুরুল কবিরের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) দেওয়ান আবুল হোসেন বলেন, পুলিশের মানব পাচারকারীর তালিকায় রেভি ম্যাডামের নাম রয়েছে। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি এবং কক্সবাজার সদর মডেল থানায় একটি মানব পাচার মামলা রয়েছে। গতকাল সকালে রেভিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর স্বামীর বিরুদ্ধেও উখিয়া থানায় ছয়টি মানব পাচার মামলা রয়েছে।
থানায় দায়ের করা মামলার এজাহারে বাদী ও উপপরিদর্শক (এসআই) মো. কামাল আব্বাস উল্লেখ করেন, রেভি ম্যাডাম পেশাদার মানব পাচারকারী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দালালের মাধ্যমে গরিব লোকজনকে ধরে এনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দিয়ে সমুদ্রে ঠেলে দিচ্ছেন। তাঁর মানব পাচারকারী সংঘবদ্ধ চক্র রয়েছে।