কখনো 'পুলিশ' কখনো 'ডিবি', আসলে প্রতারক
গায়ে পুলিশের পোশাক। কোমরে অস্ত্র। হাতে ওয়াকিটকি। আবার কখনো গায়ে ডিবি (গোয়েন্দা) লেখা জ্যাকেট। দেখে বোঝার উপায় নেই যে তারা ‘আসল’ না ‘নকল’। হুন্ডির টাকা, ব্যবসায়ী ও বড় অঙ্কের টাকা বহনকারীরাই তাদের লক্ষ্য। পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে মানুষকে প্রতারিত করে আসা একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন ঢাকায় ফ্ল্যাট কিনতে কিস্তিতে ২০ লাখ টাকা পরিশোধ করেছেন।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের সম্মেলনকক্ষে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বলেন, ভুয়া পুলিশ পরিচয়ে তাঁরা ছিনতাই করছিলেন। প্রতারণা করতে চক্রটি নগর গোয়েন্দা পুলিশের একজন এসআইয়ের নামও ব্যবহার করছিল। তদন্তের পর পুরো বিষয়টি ধরা পড়ে। তিনি নগরবাসীকে সাদাপোশাকধারী পুলিশ কিংবা কোনো পুলিশ সদস্য সম্পর্কে সন্দেহ হলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করে নিশ্চিত হতে আহ্বান জানান।
গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন বাঁশখালীর খালেদ হোসেন ওরফে মেজর খালেদ ওরফে এসআই খালেদ, কক্সবাজার মহেশখালীর আলী হোসেন ও কুমিল্লার লাকসামের জামাল হোসেন। এঁদের মধ্যে গত রোববার খালেদকে ঢাকার মগবাজার থেকে, শনিবার আলী হোসেনকে কক্সবাজার থেকে এবং জামাল হোসেনকে কোতোয়ালি মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় খালেদের ভাড়া বাসা থেকে তিনটি পিস্তল, দুটি ওয়াকিটকি, ডিবি ও সিএমপি লেখা তিনটি জ্যাকেট, একটি পুলিশের পোশাক, কালো রঙের তিন জোড়া জুতাসহ পুলিশের ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলী হোসেন পুলিশ পরিচয়ে ২০ থেকে ২৫টি ছিনতাইয়ের কথা স্বীকার করেন সাংবাদিকদের কাছে। খালেদও নিজেকে পুলিশ ও আর্মি পরিচয় দিয়ে ছিনতাই এবং মানুষকে হয়রানি করার কথা স্বীকার করেছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মো. আবদুর রউফ জানান, ২০০৬ সাল থেকে নগরে পুলিশ পরিচয়ে ছিনতাই-ডাকাতি করে আসছে চক্রটি। তাদের দলে ১০ জন সদস্য রয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিন ভাগে ভাগ হয়ে কাজ করত। এক দল তথ্য সংগ্রহ করত। আরেক দল সমন্বয় করত। বাকি দলটি গাড়ি ও পোশাকের ব্যবস্থা করত। এপ্রিল মাসের শুরুতে দলের দুই সদস্য আবদুল হক ও আনিসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় চার থেকে পাঁচটি ডাকাত- ছিনতাই মামলা রয়েছে।
সহকারী কমিশনার জানান, গ্রেপ্তার খালেদ ছিনতাইয়ের টাকায় ঢাকায় একটি ফ্ল্যাট কিনতে কিস্তিতে ২০ লাখ পরিশোধ করেছেন। এ ছাড়া ব্যাংক হিসাবে দলের সদস্যদের লাখ লাখ টাকা রয়েছে বলে তাঁরা স্বীকার করেছেন। তাঁদেরকে আরও জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, হুন্ডির টাকা, অবৈধ ব্যবসায়ী ও বড় অঙ্কের টাকা বহনকারীদের লক্ষ্য করে চক্রটি অভিযানে নামে। তারা নগরের বিভিন্ন ব্যাংকের সামনে, নগরের রিয়াজউদ্দিন বাজার ও খাতুনগঞ্জ এলাকায় ছদ্মবেশে থাকে। কেউ টাকা নিয়ে বের হলে বিষয়টি সঙ্গে সঙ্গে দলের সমন্বয়কারীকে জানিয়ে দেওয়া হয়। টাকা বহনকারী ব্যক্তিকে নজরে রাখে তারা। একপর্যায়ে পুলিশ পরিচয় দিয়ে টাকা বহনকারী ব্যক্তিকে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলা হয়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।
এসআই কামরুজ্জামান জানান, হুন্ডি কিংবা অবৈধ ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হলে থানায় কোনো অভিযোগ করেন না। কিন্তু সাধারণ কোনো ব্যবসায়ী ঘটনার শিকার হলে তাঁরা থানায় মামলা করে থাকেন। ১ এপ্রিল সিরাজদৌল্লা রোডের আবু সৈয়দ নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ পরিচয়ে সাত লাখ টাকা ছিনতাই করে তারা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ওই ব্যবসায়ী।