কঙ্কাল পাচারের অভিযোগে গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের কঙ্কাল পাচারের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাইসানি গ্রামের মো. মজিবুর, দেওয়ানগঞ্জ উপজেলার ডালিবাড়ি গ্রামের খোকন মিয়া ও দীপু মিয়া। পুলিশের ভাষ্যমতে, পুলিশ তাঁদের কাছ থেকে মানুষের দুটি কঙ্কাল উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ময়মনসিংহের সদর ও মুক্তাগাছা উপজেলাসহ বিভিন্ন উপজেলায় কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। গতকাল দুপুরে পুলিশ জানতে পারে, জামালপুর-ময়মনসিংহ সড়কের ভাবকীর মোড় এলাকায় দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কঙ্কাল নিয়ে যাওয়া হবে। তাই পুলিশ ওই এলাকায় টহল দিতে শুরু করে। বেলা একটার দিকে পুলিশ ভাবকীর মোড় এলাকায় একটি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করে একটি বস্তায় কঙ্কাল পায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী ও চালককে আটক করে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, ধারণা করা হচ্ছে, বস্তায় দুজন মানুষের কঙ্কাল রয়েছে। পুলিশ কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে কাজ করছে। তিনি আরও বলেন, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে পুলিশ গতকাল রাতে মানুষের কঙ্কাল পাচারের অভিযোগে মামলা করেছে।