কঙ্কালের ব্যবসা করতেন কামরুজ্জামান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের কঙ্কাল সংগ্রহ ও বিক্রি করাই ছিল তাঁর কাজ। হাড় ছাড়া শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও বিক্রি করতেন তিনি। একটি পূর্ণাঙ্গ কঙ্কাল প্রায় ৩০ হাজার টাকায় বিক্রি করতেন কামরুজ্জামান।

রাজধানীর কাফরুলের ইটখোলা এলাকার একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় কামরুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাট থেকে ৫ নভেম্বর বিকেলে মানুষের ৩৫টি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ইলিয়াস সাইফুল্লাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির ওই ফ্ল্যাট থেকে কামরুজ্জামান ও শাহীন নামের তাঁর এক কর্মচারীকে আটক করে কাফরুল থানা-পুলিশ। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান ও শাহীনের কাছ থেকে কঙ্কাল ব্যবসা সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, এসব কঙ্কালের ক্রেতা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্ররা। তাঁদের কাছে বিক্রির জন্য কঙ্কালগুলো সংগ্রহ করেছিলেন কামরুজ্জামান।

এসআই আবদুস সালাম বলেন, মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে কঙ্কাল কিনে নিতেন তিনি। সেগুলো আবার ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন কামরুজ্জামান। একটি কঙ্কাল ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, কাফরুলের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বেশির ভাগ কঙ্কালই পুরোনো। এর সঙ্গে বেশ কিছু নতুন কঙ্কালও পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে কার্টনে করে এই ফ্ল্যাটে আনা হতো। এখানেই কঙ্কাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে আবার বিক্রি করতেন কামরুজ্জামান। কঙ্কাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায় ওই ভবনের অন্যান্য ফ্ল্যাটে। এরপরই খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। নিজেকে নুরুজ্জামান পরিচয় দিয়ে ইলিয়াস সাইফুল্লাহর ফ্ল্যাটটি এক মাস আগে ভাড়া নেন কামরুজ্জামান। এ ছাড়া বাড়ির মালিকের কাছে কামরুজ্জামান নিজেকে সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক পরিচয় দেন।

পুলিশের মিরপুর বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কয়েক দিন পর মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তি হবেন। তাঁদের গবেষণার কাজে কঙ্কালের প্রয়োজন। তাই কঙ্কালের চাহিদা এখন বেশি। এর দামও ভালো পাওয়া যায়। সে জন্য দুই-তিন মাস ধরে বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করেছিলেন কামরুজ্জামান। তবে অন্য কোনো উপায়ে কঙ্কাল সংগ্রহ করা হতো কি না, সেটাই তদন্ত করা হচ্ছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শিকদার প্রথম আলোকে বলেন, কামরুজ্জামানের কাছ থেকে উদ্ধার করা কঙ্কালগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। কামরুজ্জামানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।