কচুক্ষেতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
রাজধানীর কচুক্ষেতে রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্সে সোনা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্রটির সদস্যরা এই নিয়ে তিনবার র্যাবের হাতে গ্রেপ্তার হলো।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব সদর দপ্তর এসব খবর জানিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাঙাপরী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। মালিক দাবি করেন, তাঁর দোকান থেকে ৩০২ ভরি সোনা, ৩০ লাখ টাকার হীরা ও নগদ ৫ লাখ টাকা চুরি হয়েছে। পরদিন এ ঘটনায় ভাসানটেক থানায় মামলা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন দলটির প্রধান রাজা মিয়া, তাঁর সহযোগী কাউসার মাস্টার ও মাসুদ। অন্যরা এখনো পলাতক।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দলটি প্রায় এক যুগ ধরে ছদ্মবেশে ডাকাতি করে আসছিল। তারা প্রথমে ভুয়া জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ ইত্যাদি ব্যবহার করে মার্কেটের নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি নিতেন। তারপর স্বর্ণালংকার লুট করে আত্মগোপনে চলে যেত ও নিজেদের মধ্যে সবধরনের যোগাযোগ বন্ধ করে দিত। পরিস্থিতি স্বাভাবিক হলে লক্ষ্যবস্তু ঠিক করে আবারও দেখা করত।
রাঙাপরী জুয়েলার্সে ডাকাতির ঘটনা সম্পর্কে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, ডাকাতির দেড় মাস আগে দলের অন্যতম সদস্য কাউসার মাস্টার রজনীগন্ধা টাওয়ারে ভুয়া পরিচয়ে একটি দোকান ভাড়া নেয়। দোকানে অল্পস্বল্প মালপত্র তুলে ওই দোকানে তারা চুরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুত করতে শুরু করে।
গত ৪ ফেব্রুয়ারি রাজা মিয়া, তাঁর সহযোগী কাউসার মাস্টারসহ আরও তিন থেকে পাঁচজন রাত ১২টার দিকে মিরপুর-১৪ নম্বর গোলচত্বরে একত্র হয়। মাসুদ তাঁদের রাত একটার দিকে মার্কেটে আসতে বলেন। এ সময়ের মধ্যে মাসুদ মার্কেটের অন্যান্য নিরাপত্তাকর্মীদের খাবার ও পানীয়ের সঙ্গে চেতনানাশক সেবন করিয়ে তাঁদের অজ্ঞান করে ফেলে। এরপর মাসুদ ও তাঁর এক সহযোগী গেটের তালা খুলে কাউসার মাস্টারের দোকানে ঢোকেন।
কাউসার মাস্টার ও তাঁর এক সহযোগী এ সময় বাইরে ছিলেন। রাত দুইটার দিকে দোকান থেকে তালা ভাঙার যন্ত্রপাতি নিয়ে বের হয় মাসুদ ও অন্যান্যরা। ওই যন্ত্রপাতি দিয়ে রাজা মিয়াসহ আরও ২–৩ জন দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে । তারপর সেখান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে কাউসারের দোকানে চলে যায়।
ডাকাতির সময় মাসুদ দোকানের বাইরে পাহারা দিচ্ছিল। বাইরে থেকে যেন লুটের বিষয়টি বোঝা না যায়, সে জন্য তাঁরা রাঙাপরী জুয়েলার্সের বাইরে একটি নতুন তালা ঝুলিয়ে দেয়। ভোরবেলা তাঁরা কাউসার মাস্টারের দোকান থেকে লুট করা মালামাল নিয়ে কেরানীগঞ্জে তাঁর (কাউসার) ভাড়া বাসায় চলে যান। স্বর্ণালংকার ও নগদ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে এরপর তাঁরা যে যাঁর গ্রামে চলে যান।
চালক, আইনজীবীর অফিস সহকারী, রেস্টুরেন্টের বেয়ারা থেকে ডাকাতিতে
র্যাব জানায়, এ চক্রের মূল হোতা রাজা মিয়া তালা ভাঙায় দক্ষ। কাউসার মাস্টারের কাজ ছিল ভুয়া কাগজপত্র বানানো। মিরপুরের একটি নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মাসুদকে রজনীগন্ধা মার্কেটে নিরাপত্তারক্ষীর চাকরির ব্যবস্থাও করে দেন কাউসার। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই তারা বিভিন্ন সময়ে মার্কেটের নিরাপত্তা নিয়ে খোঁজখবর করত।
র্যাব বলছে, রাজা মিয়া ১৯৯০ সালে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ শুরু করেন। ২০০২ সালের দিকে সংঘবদ্ধ চক্রটির সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে এবং সে থেকেই তাঁর অপরাধ জীবনের শুরু। পরে বাস ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেন। এ কাজের আড়ালে ডাকাতির জন্য বিভিন্ন মার্কেটে রেকি করত। রাজা মিয়া তালা–চাবি তৈরিতেও দক্ষ। তিনি ৫০টির বেশি চুরি–ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। প্রতিটি ঘটনায় লুটের সময় শাটার ভাঙার দায়িত্ব থাকত রাজার। চুরি ও ডাকাতির অন্তত দুটি মামলায় তিনি কারাভোগ করেছেন।
মাধ্যমিক পাস কাউসার হোসেন একটি প্রকল্পে চাকরি করতেন। ২০০৯ সাল থেকে তিনি ঢাকায় এক আইনজীবীর অফিস সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০১৮ সালে মামলাসংক্রান্ত বিষয়ে সংঘবদ্ধ ডাকাতি ও স্বর্ণালংকার লুট চক্রের এক সদস্য আদালতে এলে তাঁর সঙ্গে কাউসারের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জের স্বর্ণালংকার লুটে অংশগ্রহণের মাধ্যমে কাউসার অপরাধজগতে প্রবেশ করে। ওই বছরই র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন কাউসার। অপরাধমূলক কাজে যত ভুয়া কাগজপত্র তৈরি করতে হতো, সবই করতেন কাউসার। সে কারণে দলের লোকজন তাঁকে মাস্টার বলে ডাকত।
দলের আরেক সদস্য মাসুদ ঢাকার চায়নিজ রেস্টুরেন্টে পরিচ্ছন্নতাকর্মী ও বেয়ারা হিসেবে কাজ করতেন। চায়নিজ রেস্টুরেন্টে চাকরি করার সময় ২০১০ সালের দিকে এই চক্রের সঙ্গে পরিচয় হয়। তিনি ২০১৬ সালে নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি নেন। ২০১৮ সালে নারায়ণগঞ্জে থাকার সময় তিনি সিদ্ধিরগঞ্জের হাজি আহসান উল্লাহ সুপারমার্কেটের দুটি সোনার দোকান থেকে প্রায় দুই কেজি সোনা লুট করেন। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তাঁর নামে তিনটি চুরির মামলা রয়েছে।