কচুয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়ায় এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই তরুণীর মা। ধর্ষণে সহযোগিতার অভিযোগে কাজী আবদুল হাই নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা মূল আসামি রাজু দরানীসহ অন্যদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই তরুণী বর্তমানে পুলিশের হেফাজতে আছে। ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল রোববার সকালে তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

ধর্ষণের শিকার তরুণীর বাড়ি পিরোজপুর জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীর কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার বিকেলে এক ছেলে বন্ধুর সঙ্গে পিরোজপুর থেকে বাগেরহাটের কচুয়ার গজালিয়া গ্রামে ভ্যানে চড়ে বেড়াতে আসে ওই তরুণী। পথে গজালিয়া গ্রামের বাসিন্দা রাজুসহ চার-পাঁচজন যুবক তাদের গতিরোধ করে। মেয়েটির বন্ধুকে মারধর করে তাঁর মোবাইল ফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে মেয়েটিকে তুলে গজালিয়া গ্রামের আবদুল হাই কাজীর বাড়িতে নিয়ে যায় তারা। রাতে বাড়ির মালিককে খাবার আনতে পাঠিয়ে তরুণীকে ধর্ষণ করে রাজু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে ও বাড়ির মালিককে গ্রেপ্তার করে।