চাঁদপুরের কচুয়া উপজেলায় সাচার বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৩৮০ জন জেএসসি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত কেন্দ্র ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকেরা ওই টাকা আদায় করেছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ফি জনপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করেন। কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পরীক্ষার আগে প্রতিষ্ঠানপ্রধানদের সভা ডেকে উপজেলা প্রশাসন বাড়তি খরচ দেখিয়ে পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা করে কেন্দ্র ফি নির্ধারণ করেন। বারৈয়ারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার বলেন, গত ৩০ অক্টোবর সাচার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বটুকৃষ্ণ বসু কেন্দ্র-সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ফি প্রশাসনের নির্ধারণ করা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়।
সাচার বহুমুখী উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, তাঁদের কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের ১ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থী প্রতি ৪০০ টাকা হারে কেন্দ্র ফি নেওয়া হয়েছে।
বটুকৃষ্ণ বসু অতিরিক্ত কেন্দ্র ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বোর্ড নির্ধারিত ১৫০ টাকা ফি নিয়েছি। যাঁরা আপনার কাছে অতিরিক্ত ফি নেওয়ার কথা বলেছেন, তাঁরা ভুল তথ্য দিয়েছেন।’
তবে গত মঙ্গলবার দুপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় ফয়সাল হোসেন, জান্নাত আক্তারসহ কয়েকজন পরীক্ষার্থী বলে, তারা বিদ্যালয়ে ৪০০ টাকা করে কেন্দ্র ফি জমা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কেন্দ্র ফি কত তা জানাতে পারেননি। পরীক্ষা কেন্দ্র সাচার বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কেন্দ্র ফি হিসেবে ৪০০ টাকা করে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি। এখন আপনার কাছ থেকে জানার পর খোঁজখবর নেব।’