কচুয়ায় নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় পৌর নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আহতদের মধ্যে হালিম নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফারুক ও নয়ন বেগম নামে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎ​সা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কচুয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিজয়ী কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ আল মামুন ও পরাজিত প্রার্থী কামাল হোসেন গাজীর সমর্থকেরা আজ দুপুর ১২টার দিকে নির্বাচন নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি শান্ত হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় সাইফুল ও সজীব নামে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।