কচুয়ায় সড়কে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কের তেঘুরিয়া এলাকায় ১৫-১৬টি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতেরা একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের মারধর করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত শুক্রবার রাতে সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্তএই ডাকাতির ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, পুলিশের তৎপরতা না থাকায় রাতের প্রথম প্রহরে ডাকাত দল ডাকাতি করে নির্বিঘ্নে পালিয়ে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ওই সড়কে দায়িত্বরত পুলিশ খবর পেয়ে ডাকাতদের ধাওয়া করেছে। সড়কে টহলে থাকা উপপরিদর্শক নাসির উদ্দিন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করে শটগানের ছয়টি গুলি ছুড়েছেন। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দল পালিয়ে গেছে।
ডাকাতির শিকার ওই বাসের যাত্রী হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছাত্তার বলেন, ঢাকা থেকে কচুয়াগামী সুরমা পরিবহনের একটি বাস রাত ১০টায় সাচার বাজারে চার-পাঁচজন যাত্রী নামায়। সেখান থেকে ছয়-সাতজন ডাকাত যাত্রী সেজে বাসে ওঠে। সাচার বাজার থেকে বাসটি ছাড়ার পর তেঘুরিয়া এলাকায় পৌঁছালে ডাকাতেরা দা, ছোরা ও কাঁচি নিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতি শেষে ডাকাত দল বাস থেকে নেমে যায়। একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, এ ঘটনার সঙ্গে বাসের চালক, সুপারভাইজার ও চালকের সহকারী জড়িত আছেন।