কেন্দ্র দখল, জাল ভোট ও সহিংসতার মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে গতকাল শনিবার ভোট অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীরা উপজেলার ১২৭ কেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি দখলে নিয়ে জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্র দখল করতে গিয়ে সহিংসতায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওর কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, বিতারা, সহদেবপুর পূর্ব, সহদেবপুর পশ্চিমসহ কয়েকটি ইউনিয়নে ৫০টি কেন্দ্র দখল এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিতারা ইউনিয়নের একটি কেন্দ্র, সহদেবপুর পূর্বের তিনটি, সহদেবপুর পশ্চিমের পাঁচটি, কচুয়া দক্ষিণের তিনটি, কাদলার তিনটি, কড়ইয়ার পাঁচটি, গোহট উত্তরের পাঁচটি ও গোহট দক্ষিণ ইউনিয়নের তিনটি কেন্দ্রসহ ৫০টি কেন্দ্রে সহিংসতার কারণে বেশ কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সরেজমিনে কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটায় দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী আহসান হাবীব জুয়েলের নেতা-কর্মীরা প্রকাশ্যে নৌকা মার্কার ব্যালটে সিল মারছেন। সাংবাদিকদের দেখে তাঁরা ব্যালট পেপার ফেলে বুথ থেকে চলে যান। এ সময় ওই কক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন না। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহম্মদ হোসেন বলেন, সকালবেলায় এখানে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। একই ইউনিয়নের উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নৌকা মার্কার কর্মী-সমর্থকেরা ছাড়া ভোটারের উপস্থিতি নেই। এদিকে কেন্দ্র দখলের অভিযোগ এনে ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন ভোট বর্জন করেন।
কাদলা ইউনিয়নের আয়মা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম লালু ও বিদ্রোহী প্রার্থী মাইনুদ্দিন মজুমদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
গোহট উত্তর ইউনিয়নের আইনগিরি বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল হাইয়ের নেতা-কর্মীরা ও সদস্য প্রার্থী শহীদ উল্লাহর কর্মী-সমর্থকেরা মিলেমিশে ব্যালট পেপারে সিল মারছেন। এ সময় চারজন সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের দুজন সদস্য প্রার্থীকে তাঁরা কেন্দ্র থেকে বের করে দেন। পরে ছয় প্রার্থী ইউএনওর কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারীদের মধ্যে বর্তমান সদস্য জাকির হোসেন বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি পুলিশ দিয়ে আমাদের মেরে কেন্দ্র থেকে বের করে দেন।’ তবে প্রিসাইডিং কর্মকর্তা হারুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কেন্দ্রে বড় ধরনের গোলযোগ হয়নি।’
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘এ পর্যন্ত আমার কাছে ৫০টি কেন্দ্র থেকে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন।’ ইউএনও মহম্মদ আশরাফ হোসেন বলেন, অভিযোগ পাওয়ামাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।