কচ্ছপ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল থেকে পাচারকালে প্রায় ৫০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে বন বিভাগের উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদীর দপদপিয়া পয়েন্ট থেকে বস্তাভর্তি অবস্থায় কচ্ছপটি জব্দ করা হয়। এ ব্যাপারে বরিশাল কোস্টগার্ডপ্রধান মো. আনিচুর রহমান বলেন, কীর্তনখোলা নদীতে টহল দেওয়ার সময় দপদপিয়া এলাকায় একটি ট্রলার কোস্টগার্ড দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ট্রলারটিকে ধাওয়া করা হয়। এ সময় নদীর দপদপিয়া এলাকায় ট্রলারটি রেখে এটিতে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে বস্তাভর্তি কচ্ছপটি উদ্ধার করা হয়। এটির ওজন প্রায় ৫০ কেজি। যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। বন বিভাগের পরামর্শে কীর্তনখোলা নদীর কালিজিরা মোহনায় কচ্ছপটি অবমুক্ত করা হয়। বরিশালের বন কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, ৫০ কেজি ওজনের এই আকৃতির কচ্ছপ সাধারণত এ অঞ্চলে দেখা যায় না।