কচ্ছপের ৪৯৯টি বাচ্চাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে নিয়ে আসার সময় কচ্ছপের ৪৯৯টি বাচ্চা উদ্ধার করা হয়। ছবি: প্রথম আলো
গাজীপুরে নিয়ে আসার সময় কচ্ছপের ৪৯৯টি বাচ্চা উদ্ধার করা হয়। ছবি: প্রথম আলো

মাগুরার শালিখা উপজেলা থেকে আজ বৃহস্পতিবার সকালে ৩৬ কেজি গাঁজা ও কচ্ছপের ৪৯৯টি বাচ্চাসহ মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাঁজা ও কচ্ছপের বাচ্চাগুলো ঢাকার গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।
রফিকুল যশোরের শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামের বাসিন্দা।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় প্রথম আলোকে বলেন, মাগুরা-যশোর সড়কের সীমাখালি বাজার এলাকায় সাদা রঙের একটি প্রাইভেট কার দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ প্রাইভেট কারটি থামানোর চেষ্টা করে। কিন্তু সেটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে চালক শালিখার সিংড়া বাজার এলাকায় গাড়ি রেখে পালিয়ে যান। এ সময় পুলিশ প্রাইভেট কারের যাত্রী রফিকুল ইসলামসহ গাড়িটি আটক করে।

গাজীপুরে নেওয়া হচ্ছিল ৩৬ কেজি গাঁজা ও কচ্ছপের ৪৯৯টি বাচ্চা। পথে মাগুরার শালিখার সিংড়া বাজার এলাকায় পুলিশ এগুলোসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ছবি: প্রথম আলো
গাজীপুরে নেওয়া হচ্ছিল ৩৬ কেজি গাঁজা ও কচ্ছপের ৪৯৯টি বাচ্চা। পথে মাগুরার শালিখার সিংড়া বাজার এলাকায় পুলিশ এগুলোসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ছবি: প্রথম আলো

পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা ও কচ্ছপের ৪৯৯টি ছোট-বড় বাচ্চা উদ্ধার করা হয়। দুই কেজির বান্ডিল করে গাঁজা প্যাকেট করা ছিল। কচ্ছপের বাচ্চাগুলো ছিল দুটি বস্তায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গাঁজার সঙ্গে কচ্ছপের বাচ্চা উদ্ধার হওয়ায় বিষয়টি জেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বন বিভাগ এক কর্মকর্তাকে পাঠিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল নিজেকে মাদক পাচারকারী বলে স্বীকার করেছেন বলে জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। যশোর ও সাতক্ষীরা থেকে রফিকুল নিয়মিত গাজীপুরে মাদক চালান নিয়ে আসেন। তাঁর ব্যবহৃত প্রাইভেট কারটিরও কোনো লাইসেন্স নেই। উদ্ধার করা গাঁজা ও কচ্ছপের বাচ্চার দাম নয় লাখ টাকার বেশি।