কটিয়াদীতে গৃহবধূ খুন, ভৈরবে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে ইয়াসমিন বেগম (২১) নামের এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার ভৈরব উপজেলার কয়লা মোকামঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (২৮) আড়াই বছর আগে একই উপজেলার দেওজান গ্রামের ফজলু মিয়ার মেয়ে ইয়াসমিনকে বিয়ে করেন। কিন্তু দাম্পত্য জীবনে তাঁরা সুখী ছিলেন না। বিয়ের এক বছরের মধ্যে তাঁরা সম্পর্ক ছিন্ন করেন। এই অবস্থায় জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর মিয়ার সঙ্গে ইয়াসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে তাঁরা বিয়ে করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায়ই বিবাদ হতো। গতকাল একই বিষয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সকালে আলমগীরের ঘরে ইয়াসমিনকে একা পেয়ে জাহাঙ্গীর ছুরিকাঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই ইয়াসমিন মারা যান।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, নিহত ইয়াসমিন প্রথমে জাহাঙ্গীরের, পরে আলমগীরের স্ত্রী হন। এ নিয়ে দ্বন্দ্বের সূত্র ধরে জাহাঙ্গীরের ছুরিকাঘাতে ইয়াসমিন মারা গেছেন। এ ঘটনায় ইয়াসমিনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার বিকেলে ভৈরব পৌর শহরের কয়লা মোকামঘাট থেকে আট-দশ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘শিশুটির গায়ে সালোয়ার-কামিজ ছিল। আমাদের ধারণা, মেঘনা নদীতে লাশটি ভেসে এসে ঘাটে আটকা পড়ে।’