কটিয়াদীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে রতন মিয়া (৪৬) নামের এক ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব পুরুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের নুরুল ইসলাম ও রতন মিয়ার বাড়ি পাশাপাশি। বাড়ির জমির সীমানা নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলামের পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রতন মিয়ার লোকজনের ওপর হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রতন মিয়ার মৃত্যু হয়। আহত হন উভয় পক্ষের কমপক্ষে আটজন। তাঁদের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলে কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের হামলায় রতন মিয়া প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
হামলায় আহত ব্যক্তির মৃত্যু: বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, কুমিল্লার হোমনা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত আবদুল করিম (৪৫) সাত দিন পর গতকাল রাজধানীর পঙ্গু হাসপাতালে মারা গেছেন। হোমনা থানা সূত্রে জানা গেছে, উপজেলার ঝগড়ারচর গ্রামের কৃষক আবদুল করিমকে ১৬ অক্টোবর প্রতিপক্ষের লোকজন ঘরে আটকে রেখে তাঁকে নির্যাতন করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামের বসতঘর থেকে তাঁকে উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।