কটিয়াদীতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাজল বেগম (৫০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে পুলিশ তাঁদের বসতঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। কাজলকে হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্বামী আবু তাহেরকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আবু তাহেরের (৬০) বাড়ি উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে। আবু তাহের ও কাজল বেগম দম্পতির দুই সন্তান রয়েছে। আবু তাহের মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একই বিষয় নিয়ে কিছুদিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল ভোরে ঘর থেকে বের হয়ে আবু তাহের চিৎকার করে বলেন, ‘সব শেষ করে ফেলেছি’। তাঁর অগোছালো কথা শুনে প্রতিবেশীরা ঘরে গিয়ে কাজল বেগমের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীরা আবু তাহেরকে আটকে রেখে পুলিশের কাছে তুলে দেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, আবু তাহের পুলিশের কাছে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন। ওড়না দিয়ে প্যাঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশি হেফাজতে আবু তাহের বলেন, ‘বাচ্চার মাকে (স্ত্রী) আমার কাছে আসতে বলছিলাম। আসে নাই। এই কারণে মেজাজ খারাপ হয়। পরে দম বন্ধ কইরা মাইরা ফেলি।’