
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে গত সোমবার দুপুরে পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন এক স্কুলছাত্রীর চরিত্র নিয়ে কটু কথা বলেন। পুলিশের ওই কর্মকর্তা তাঁদের নিবৃত্ত না করে নিজেও ছাত্রীকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তা সইতে না পেরে ওই ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালায়।
এ ঘটনায় সোমবার রাতেই ভান্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে।
ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজপাশা গ্রামের আবদুল মালেক হাওলাদারের সঙ্গে প্রতিবেশী মানিক মৃধা ও তাঁর ভাই মনির মৃধার জমি নিয়ে বিরোধ চলছে। তাঁরা আবদুল মালেককে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় আবদুল মালেক গত রোববার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দেন। গত সোমবার বেলা ১১টার দিকে এএসআই আবুল বাশার অভিযোগ তদন্তে রাজপাশা গ্রামে যান। পুলিশের উপস্থিতিতে দুই পরিবারের লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের লোকজন আবদুল মালেকের মেয়ের (স্কুলছাত্রী) চরিত্র নিয়ে নানা কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী কীটনাশক পান করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। এরপর রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে এএসআই আবুল বাশার বলেন, ‘আমি অভিযোগ তদন্ত করতে রাজপাশা গ্রামে গেলে দুই পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। তবে ওই ছাত্রীকে নিয়ে আমি কটূক্তি করিনি।’