কথা না রাখায় গ্রেপ্তার
মাদকের কারবার ছেড়ে দেওয়ার অঙ্গীকার ভঙ্গ করায় আবদুল্লাহ-আল মামুন (২৮) নামে এক যুবককে আজ বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামুনের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। গত বছরের ৩ অক্টোবর পুলিশের মাদকবিরোধী সমাবেশে উপস্থিত হয়ে মামুনসহ ২৩ জন মাদকের কারবার ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন। পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের উপস্থিতিতে সেই অনুষ্ঠানের এক অঙ্গীকারনামায় স্বাক্ষরও করেন তাঁরা। পরে এ খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
ঈশ্বরদী থানা-পুলিশ জানায়, ওই অঙ্গীকারের পরও মামুন মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর পশ্চিমটেংরী এলাকার রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে ইয়াবা বেচাকেনার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে ১০টি ইয়াবাও পাওয়া যায়।
পাবনার পুলিশ সুপার আলমগীর কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিজে উদ্বুদ্ধ না হয়ে চাপে পড়ে হয়তো সেদিন মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন মামুন। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।