রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজন খুন হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশনে তাসলী আক্তার ওরফে রাবেয়া (২৬) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে দারুস সালাম থানার টোলারবাগে মো. শাহীন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।
রেলস্টেশনে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তাসলীর স্বামী নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, তাসলী ও নাজমুল দুজনই ভিক্ষুক।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, তাসলী ও নাজমুল বিমানবন্দর রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। তাঁদের থাকার নির্দিষ্ট কোনো স্থান ছিল না। গতকাল দুপুরে শাহজালাল বিমানবন্দর রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মের সামনে তাসলীর সঙ্গে নাজমুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল তাসলীর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাসলীকে উদ্ধার করে বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী স্বপ্না, রনি ও ছালাম বলেন, নাজমুল ছুরি মেরে পালিয়ে যান। তাঁরা তাসলীকে রক্ষার চেষ্টা করেও পারেননি।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) এসআই আলী আকবর প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাজমুল বলেছেন, দুই মাস আগে টঙ্গী রেলস্টেশনে তাসলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন না যেতেই তাসলী তাঁর কাছ থেকে দূরে থাকা শুরু করেন। শুক্রবার স্টেশনে দেখা হলে তিনি তাসলীকে ডেকেছিলেন। কিন্তু তাঁর কথা না শোনায় রেগে গিয়ে তাসলীর পেটে ছুরি ঢুকিয়ে দেন।
এদিকে দারুস সালাম থানার পুলিশ জানায়, নির্মাণশ্রমিক শাহীন মায়ের সঙ্গে টোলারবাগ জামে মসজিদের পাশে থাকত। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাকে মৃত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় এনে টোলারবাগে বাসার কাছে ফেলে রেখে যান অজ্ঞাতনামা ব্যক্তিরা। তার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
শাহীনের প্রতিবেশী শাহ আলম বলেন, তিন ভাইয়ের মধ্যে শাহীন সবার ছোট। অন্য দুই ভাই পিরোজপুরের মঠবাড়িয়ায় থাকেন।
দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জমান বলেন, ‘এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে শাহীনের সঙ্গে স্থানীয় যুবকদের দ্বন্দ্ব ছিল। সিনিয়রের হাতে শাহীন খুন হয়েছে।’