কথা বললে হাজার টাকা জরিমানা
ছাত্রী অপহরণ মামলা তুলে না নেওয়ায় গতকাল বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে আসামিপক্ষ মাইকিং করে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা নিষিদ্ধ ঘোষণা করেছে।
মাইক বহনকারী ভ্যানচালক আবদুল হাই জানান, মঙ্গলবার নুরুল ইসলাম ও নজরুল ইসলাম তাঁকে মাইকিং করার দায়িত্ব দিয়েছেন। তিনি গ্রামের বিভিন্ন রাস্তায় মাইকিং করে বলেছেন, সামাজিক আইন অমান্য করায় অদ্য হতে গ্রামের আবদুল জব্বার উকিল ও তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বললে তাকে এক হাজার টাকা জরিমানা করা হবে। সরকারি রাস্তা ছাড়া তাঁরা অন্য কোনো জমিতে চলাচল করতে পারবেন না।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, অবৈধভাবে মাইকিং করানোর অপরাধে গ্রামপ্রধান নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।
আটক নুরুল ইসলাম অবশ্য মাইকিং করানোর অভিযোগ অস্বীকার করেছেন।
লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছরের ২৯ মে ফুলবাড়ি গ্রামের শরিউল ইসলাম ও ফারুক হোসেনের বিরুদ্ধে একই গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে লালপুর থানায় মামলা হয়। মামলায় আসামিরা দীর্ঘদিন হাজতবাস করার পর জামিনে মুক্ত হয়ে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। বাদী মামলা তুলতে রাজি না হলে আসামিপক্ষ থেকে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করা হয়। গত নভেম্বরে তাঁরা বাদীর জমির মসুরখেত কীটনাশক দিয়ে নষ্ট করে দেন। এ ঘটনায়ও বাদী লালপুর থানায় জিডি করেন। একপর্যায়ে আসামি ফারুক হোসেন ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অন্য আসামি শরিউল ইসলামের চাচা নজরুল ইসলাম মামলা উঠিয়ে নিতে বাধ্য করার জন্য গ্রামের প্রধানদের সহযোগিতা চান। এরই অংশ হিসেবে গ্রামের প্রধানেরা গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে সালিস ডাকেন। সেখানে মামলার বাদী আবদুল জব্বারকেও হাজির থাকতে বলা হয়। নিরাপত্তাহীনতার কারণে তিনি সেখানে হাজির হননি। ব্যবসায়ী আবদুল্লাহ হেল সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় তাঁর পরিবারকে একঘরে করার সিদ্ধান্ত হয়। সালিসে গ্রামপ্রধান নুরুল ইসলাম, নজরুল ইসলামসহ ১৫–২০ জন উপস্থিত ছিলেন।
সালিসের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকালে একঘরে করার বিষয়টি মাইকিং করে প্রচার করা হয়।
বাদীর ছেলে আমিনুল ইসলাম (সেনা সদস্য) বলেন, ছুটিতে মঙ্গলবার রাতে তিনি বাড়ি এসেছেন। সকালে মাইকিং করার পর থেকে তাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না। কোরবানির পশু কিনতে যেতেও ভয় পাচ্ছেন।