
বাসের সঙ্গে মিশুকের ধাক্কা। এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘট। রাস্তায় বাস রেখে অবরোধ। মারধর। এ অবস্থায় সারা দেশের সঙ্গে বাস যোগাযোগ বন্ধ ঘোষণা। রাজশাহীতে বাসশ্রমিকদের এ ঘটনা নতুন নয়। ছোটখাটো ঘটনায় যাত্রীদের জিম্মি করে ধর্মঘট ডাকা হয়। এ নিয়ে এ বছরেই তিন-চার দফা এ ধরনের ঘটনা ঘটল।
গতকাল মঙ্গলবারও একইভাবে ধর্মঘট ডাকা হয়েছিল। এর ফলে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত যাত্রীরা দুর্ভোগের শিকার হন। যাত্রীরা বলছেন, রাজশাহীতে এভাবে কথায় কথায় যাত্রী হয়রানি করে শ্রমিকেরা দাবি আদায় করেন। এটা অন্যায়।
গতকাল সকাল ১০টার দিকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাসের চালক ও তত্ত্বাবধায়ককে অটোরিকশার শ্রমিকেরা মারধর করেন। মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বাসশ্রমিকেরা রাস্তার ওপরে বাস রেখে অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা রাজশাহী-নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গেলে নেতারা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁদের দাবি, আগে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে। পরে শ্রমিকনেতারা তাঁদের কার্যালয়ে এসে সিদ্ধান্ত নেন, রেলভবনের সামনের অবৈধ সিএনজি ‘স্ট্যান্ড’ সরাতে হবে। তারা সেই জায়গা না ছাড়া পর্যন্ত ঢাকাসহ সারা দেশের সঙ্গে রাজশাহীর বাস যোগাযোগ বন্ধ থাকবে। শ্রমিকেরা সব বাস কাউন্টারে গিয়ে বাস ছাড়তে নিষেধ করেন। এ সময় আগে থেকে টিকিট কাটা যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের একদল কর্মী জামালপুরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাস টার্মিনালে এসে বিড়ম্বনার শিকার হন। তাঁরা বলেন, তাঁরা একটি কর্মশালায় যাচ্ছেন। যেকোনোভাবে তাঁদের যেতেই হবে। তাঁরা রাস্তার ওপরে তাঁদের মালামাল রেখে দাঁড়িয়ে পড়েন। একইভাবে নওগাঁ থেকে টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে রাজশাহীতে এসেছিলেন হাসেম আলী (৪০)। তিনি বাস ধর্মঘটের কথা শুনে দিশেহারা হয়ে পড়েন। তিনি বলেন, রাজশাহীতে মাঝেমধ্যেই এভাবে যাত্রীদের জিম্মি করে বাসশ্রমিকেরা তাঁদের দাবি আদায় করেন। এটা খুবই দুঃখজনক।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন দাবি করেন, শ্রমিকনেতারা এবার ধর্মঘটের ডাক দেননি। উত্তেজনার সময় শ্রমিকেরাই বাস বন্ধ করে দিয়েছিলেন। পরে নেতারা গিয়ে তাঁদের বুঝিয়ে বাস চালু করার ব্যবস্থা করেন। তিনি বলেন, যাঁরা বাসশ্রমিকদের ওপরে হামলা করেছিলেন, তাঁদের ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। এবার প্রশাসনও ভালো ভূমিকা রেখেছে। এ জন্য শ্রমিকেরা বিষয়টি সহজভাবে নিয়েছেন।