কথিত জিনের বাদশা রফিকুল গ্রেপ্তার
কথিত জিনের বাদশা রফিকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রফিকুল গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর ইউনিয়নের মন্নাপাড়া গ্রামের মো. শমশের শেখের ছেলে। জিনের বাদশা পরিচয় দিয়ে রফিকুল ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের কাছ থেকে ৭০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি ওজনের সোনার গয়না নিয়েছেন। এ ঘটনায় ২ মার্চ প্রথম আলোয় ‘কথিত জিনের বাদশার প্রতারণার শিকার ব্যবসায়ী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমারত হোসেন গাজী বলেন, যে মুঠোফোন নম্বরগুলো দিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করা হয়েছিল, প্রযুক্তির সহায়তা নিয়ে সেগুলোর অবস্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শনাক্ত করা হয়। ডিবির একটি দল গত শনিবার ওই উপজেলার বিশ্বনাথপুরের মন্নাপাড়া গ্রাম থেকে রফিকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করে। সেখান থেকে রফিকুলকে ময়মনসিংহ আনা হয়। জিজ্ঞাসাবাদে রফিকুল জিনের বাদশা সেজে প্রতারণার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রফিকুলকে গতকাল রোববার ময়মনসিংহ আদালতে হাজির করা হয়।
প্রতারণার শিকার সাইফুল ইসলাম বলেন, জিনের বাদশা সেজে গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে তাঁর মুঠোফোনে ফোন করেন এক ব্যক্তি। কথিত জিন তাঁকে সাত হাঁড়ি ধনরত্ন দেওয়ার কথা বলেন। এসব ধনরত্নœনা নিলে তাঁর একমাত্র ছেলে মারা যাবে বলে ভয় দেখান। এ রকম ভয় দেখিয়ে ১৭-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও আনুমানিক পাঁচ ভরির মতো স্বর্ণালংকার আদায় করে নেয় প্রতারক চক্রটি। এ ঘটনায় তিনি ২৬ ফেব্রুয়ারি নান্দাইল মডেল থানায় একটি মামলা করেন। পরে ডিবি পুলিশের কথামতো তিনি বিশেষ কৌশলে প্রতারক চক্রটির সঙ্গে কথাবার্তা চালিয়ে যান।