কথিত তিন বন্দুকযুদ্ধে 'ছাত্রদল নেতা'সহ তিনজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ ও যশোরে গত মঙ্গলবার দিবাগত রাতে তিন ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ‘ছাত্রদল নেতা’সহ তিনজন নিহত হয়েছেন। একই রাতে লক্ষ্মীপুরে আরও একটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিহত ব্যক্তিকে ছাত্রদলের নেতা উল্লেখ করে বিএনপি অভিযোগ করেছে, রাজধানীর কাফরুল থেকে গত ১৯ নভেম্বর গ্রেপ্তারের পর মঙ্গলবার তাঁকে হত্যা করা হয়। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছে দলটি। গতকাল বুধবার দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ‘ছাত্রদল নেতা’ নিহত: সদর উপজেলার চকআলমপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তোফায়েল আহমেদ মিলন নামে কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। তিনি রামচন্দ্রপুর এলাকার আবদুস সালামের ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম দাবি করেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে সন্ত্রাসীদের ধরতে র্যাবের একটি দল চকআলমপুর এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। ২৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলার পর সেখানকার একটি আমবাগান থেকে মিলনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে র্যাব অজ্ঞাতনামা সন্ত্রাসীদের নামে দুটি মামলা করেছে। মিলনের বিরুদ্ধে সদর থানায় সাতটি মামলা রয়েছে।
তবে নিহত মিলনের মা ফিরোজা বেগম বলেন, তাঁর ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজে যাওয়ার পর থেকে ১৩ দিন নিখোঁজ ছিলেন। গতকাল সকালে স্থানীয় লোকজনের কাছে শোনেন র্যাব মিলনকে গুলি করে মেরে ফেলেছে।
মিলনের চাচা রহমত আলী বলেন, মিলনকে ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে ২০ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর নাম করে কয়েকজন ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ না পেয়ে ঢাকার কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৯৭, তারিখ-২৯ নভেম্বর) করা হয়।
রহমত আলী বলেন, ‘আমি বিএনপি করি। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। স্থানীয় রাজনীতিতে একজন সাংসদের প্রতিপক্ষ হওয়ায় আমি ও আমার আত্মীয়স্বজন তাঁর প্রতিহিংসার শিকার হচ্ছি। এর জের ধরেই ভাতিজাকে গুলিতে মারা হলো।’
যশোরে দুজন নিহত: যশোর সদর উপজেলার রহমতপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক (৩০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
যশোরের সহকারী পুলিশ সুপার মীর সাফিন মাহমুদের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাতে রহমতপুর এলাকায় যশোর-ঝিনাইদহ সড়কে বাসে ডাকাতির খবর পেয়ে পুলিশ গেলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। দুপুরে যশোর জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়। পরিবারের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়েছে।
এদিকে অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির দুই গ্রুপে গোলাগুলিতে বিদ্যুৎ রায় (৩২) নামে একজন নিহত হওয়ার দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার গভীর রাতে রানাগাতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জিয়া বাহিনী ও পুরা-নছর বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। বিদ্যুৎ রানাগাতি গ্রামের সুকুমার রায়ের ছেলে ও পুরা-নছর বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা রয়েছে।
তবে নিহত ব্যক্তির পরিবার দাবি করেছে, দুই বাহিনীর গোলাগুলির ঘটনা পুলিশের সাজানো নাটক। পুলিশই তাঁকে গুলি করে হত্যা করেছে। দুই গ্রুপের মধ্যে এখানে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। সে বেনাপোলে ছিল। সেখান থেকে ধরে বাড়ির পাশে শ্মশানে এনে গুলি করে হত্যা করা হয়েছে।
শুভরারা ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সংরক্ষিত মহিলা সদস্য প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বিদ্যুৎকে হত্যা করে দুই গ্রুপের গোলাগুলির নাটক সাজিয়েছে।’
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ এক: রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মুসলিম (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাঁকে ও শুকুর আলী নামে তাঁর একজন সহযোগীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে উপজেলার সাইচা গ্রামের এক সুপারিবাগানে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হলে মুসলিম গুলিবিদ্ধ হন। তাঁকে আটক করে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের আবদুল করিম সর্দারের ছেলে।
তবে মুসলিমের বাবা দাবি করেন, তাঁর ছেলেকে রাত ১১টার দিকে পুলিশ আটক করে। পরে সুপারিবাগানে নিয়ে বাঁ পায়ে গুলি করে।
পুলিশ জানায়, এ ঘটনায় রায়পুর থানায় দুটি মামলা করা হয়েছে। মুসলিমের বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ; যশোর অফিস, অভয়নগর (যশোর) ও রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি}