কথিত নারী পীরকে গলা কেটে হত্যা
রাজধানীর দারুস সালামে গলা কেটে নূরজাহান বেগম নামের যে বৃদ্ধাকে (৭২) হত্যা করা হয়েছে, তাঁকে এলাকার লোকজন পীর হিসেবে জানেন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে ‘পাগলি মা’ ও ‘খ্যাতা পাগলি’ বলে সম্বোধন করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।
পুলিশ ধারণা করছে, ওই নারীর সোনার গয়না লুটের জন্য দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। তবে এর আগে রাজধানীর বাড্ডায় খিজির খানকে তাঁর খানকায়, চট্টগ্রামে ল্যাংটা ফকিরের মাজারে দুজনসহ গত কয়েক বছরে জঙ্গিরা মাজার-খানকায় আরও কয়েকজনের গলা কেটেছে। তাই দারুস সালামের ঘটনাটিও ওই রকম কিছু কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মহিবুল আলম গত রাতে প্রথম আলোকে বলেন, ওই নারীর পীর পরিচয় জানার পর বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে কাউন্টার টেররিজম ইউনিট। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁর গয়নাগুলো চুরি বা ডাকাতির জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন সিটিপল্লীর একটি টিনের ঘর থেকে নূরজাহান বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, ৭২ বছর বয়সী ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির ভক্ত ও প্রতিবেশী মিনারা বেগম বলেন, আট বছর থেকে নূরজাহান বেগম এখানেই থাকেন। এর আগে তিনি শাহ আলী মাজার, কুমিল্লার চান্দিনা, আখাউড়া, মিরপুরের নেকিবাড়ির টেক ইত্যাদি এলাকায় থাকতেন। মারা যাওয়ার আগে তাঁর হাতে ১০টি সোনার আংটি, কানের দুল, দুই হাতে সাতটি সোনার চুড়ি ও গলায় একটি রুপার চেইন ছিল।
পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় কোনো অলংকারই পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে কেউ এই নারীকে খুন করেছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা যায়নি। আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
গতকাল সিটি কলোনির ওই বাসায় গিয়ে দেখা গেছে, এক পাশে টিনের বেড়া, আরেক পাশে দেয়াল দেওয়া। প্রায় ১৫ হাত লম্বা ঘর। মেঝেটা মাটির। টিনের দরজা খোলা এবং টিনের বেড়াও কাটা ছিল। নূরজাহান ওই ঘরে একাই থাকতেন।
এসআই বলেন, নূরজাহান পরিবারের সঙ্গে যোগাযোগ না রাখলেও তাঁর ভাইবোনেরা মাঝেমধ্যে এসে দেখে যেতেন। তাঁর ভাই থাকেন খিলগাঁও এলাকায়। তিনি এসে লাশ নিয়ে গেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, নূরজাহানের বাবার নাম আবদুল মান্নান, তিনি মারা গেছেন। পাঁচ ভাইবোনের মধ্যে নূরজাহান সবার বড়। নোয়াখালীর চৌমুহনী এলাকায় নূরজাহানের প্রথম বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী মারা যান। এরপর রাজধানীর মান্ডা এলাকায় একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এ ঘরে তাঁর একটি মেয়ে আছে। মেয়ের বয়স এখন ৩৫ বছর। মেয়ের জন্মের কিছুদিন পর দ্বিতীয় স্বামীও মারা যান। এরপর নূরজাহান বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং মাজারে মাজারে ঘুরতে থাকেন। ভাইবোনেরা চেষ্টা করেও তাঁকে বাড়ি ফিরিয়ে আনতে পারেননি।
সর্বশেষ শাহ আলী মাজারে থাকতেন নূরজাহান। আট বছর আগে ভক্ত ও স্থানীয় ব্যক্তিরা সিটি কলোনি এলাকায় তাঁকে একটি ঘর করে দেন। তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁকে কখনো কেউ গোসল করতে দেখেননি। তাঁকে কেউ নতুন কাপড় দিলে সেটি না ছেঁড়া পর্যন্ত আর খুলতেন না। প্রতিদিন ভক্তরা তাঁকে টাকাপয়সা, খাবার যা-ই দিতেন, তা তিনি প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিতেন।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, নূরজাহান বেগমের কয়েক শ ভক্ত ছিলেন। ভক্তরা এখন তাঁর ঘরে খানকা স্থাপন করতে চান। মুক্তা নামের এক ভক্ত বলেন, তাঁরা সবাই নূরজাহানকে পাগলি মা বলে ডাকতেন।
গতকাল সাভার থেকে আসা শিখা নামের আরেক ভক্ত বলেন, টেলিভিশনে পাগলি মায়ের হত্যার খবর দেখে তিনি এসেছেন। পাঁচ-সাত বছর ধরে তিনি এখানে আসেন।
স্থানীয় যুবক খোকন বলেন, মাঝেমধ্যে ভক্তরা তাঁর জন্য গরু-ছাগল ইত্যাদি নিয়ে আসতেন। তিনি শাহ আলী মাজারের সামনে কসাইদের ডেকে এনে জবাই করে মাংস বিলি করে দিতেন।