কথিত পীরের আস্তানায় তরুণকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের কথিত এক পীরের বাড়িতে জয় হোসেন (২৪) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মোমিন মোল্লার ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলকুচি থানার পুলিশ বেল্লাল হোসেন নামের ওই কথিত পীরকে গ্রেপ্তার করেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহত জয়ের মুখে, মাথায় ও ঠোঁটে ক্ষতচিহ্ন দেখা দেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে দাগ রয়েছে। মুখ দিয়ে কিছুটা ফেনা বের হচ্ছিল। এ ঘটনায় জয় হোসেনের মা আসমা বেগম বাদী হয়ে বেল্লাল হোসেনসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আসমা বেগম দাবি করেন, ‘জয়ের সঙ্গে বেল্লালের মেয়ের প্রেম ছিল। বেল্লাল বিষয়টি মেনে নেননি। তাই তিনি কৌশলে আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাঁর লোকজন দিয়ে মারধর করে হত্যা করেছেন। তিনি এলাকায় ভণ্ড পীর হিসেবে পরিচিত।’
বেল্লাল হোসেন দাবি করেনে, ‘জয় মদ্যপ অবস্থায় মাতলামি করতে করতে আমার মেয়ের ঘরে প্রবেশ করতে চাইছিল। এই অপরাধে উপস্থিত আমার শুভাকাঙ্ক্ষীরা তাকে ধরে মারধর করেছে। এ ঘটনায় আমি জড়িত নই।’
থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তামাই গ্রামের বেল্লাল হোসেনের এক মেয়ের সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পীরের পক্ষ বিয়ে দিতে রাজি না থাকায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
গত রোববার রাত সাড়ে আটটার দিকে জয় ওই বাড়িতে যান। এ সময় বেল্লাল হোসেনের বাড়িতে উপস্থিত লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা জয়কে বেদম মারধর করে। এ ঘটনায় জয় গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি মারা যান।