কথিত ফকিরের অপচিকিৎসায় কলেজছাত্রের মৃত্যু
বরগুনার তালতলী উপজেলার বরইতলা গ্রামের আবদুল মান্নান নামের কথিত ফকিরের অপচিকিৎসায় মো. রাসেল (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রাসেল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
রাসেলের পরিবার ও আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার বরইতলা গ্রামের আবদুল মান্নান দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে নিজ বসতঘরে কবর খুঁড়ে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। সেখানে মো. রাসেলকে চিকিৎসার জন্য নিয়ে আসে তাঁর পরিবার। রাসেল চলতি বছর এইচএসসির প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। আস্তানায় ৪২ দিন রেখে প্রতিদিন দুই বেলা পানিতে চুবিয়ে ও ধূপ জ্বালিয়ে ঝাড়ফুঁক দিয়ে এ অপচিকিৎসা করা হয়। গত সোমবার রাতে তাঁর মৃত্যুর পর লাশ ট্রলারযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিক বলেন, রাসেল মারা যাওয়ার পরে বিষয়টি তালতলী থানাকে জানানো হয়েছে। আবদুল মান্নান চিকিৎসার কথা স্বীকার করে বলেন, ‘রাসেলকে ৪২ দিন ধরে পানিতে গোসল ও ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করেছি। তবে তাঁর কীভাবে মৃত্যু হয়েছে, তা আমার জানা নেই।’