কথিত বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পরিতোষ কুমার দাস (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার জামালগঞ্জ বাজারের রেলগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পরিতোষ কুমার দাস উপজেলার রুকিন্দীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ তাঁকে এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে।
পুলিশের ভাষ্যমতে, জামালগঞ্জ রেলগেট এলাকায় মাদক বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। এর ভিত্তিতে আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার রাতে সেখানে অভিযান চালালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পরিতোষ কুমারের ডান পায়ে গুলি লাগে। কিন্তু তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।