কথিত বন্দুকযুদ্ধে 'সন্ত্রাসী' গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম নুরুন্নবী ওরফে সোহাগ (২৫)। আজ বুধবার সকাল ৯টার দিকে নগরের চান্দগাঁও শ্যামলী আবাসিক এলাকার একটি খোলা মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ সোহাগ একজন সন্ত্রাসী। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পোর ছোট ভাই। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম বলেন, সোহাগ তাঁর সহযোগীদের নিয়ে শ্যামলী আবাসিক এলাকায় অবস্থান করছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় পাঁচ মিনিট ধরে গুলি বিনিয়ম চলে। একপর্যায়ে সোহাগের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে আটক এবং একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আতা উদ্দিন ও মুনির উদ্দিন আহত হয়েছেন বলেও দাবি করেন ওসি।

সোহাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় কটি মামলা আছে পুলিশ তা খতিয়ে দেখছে। তবে গত শবে বরাত রাতে নগরের পাঁচলাইশ শোলকবহর এলাকায় চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে আসাদুল নামে এক শিশু মারা যায়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহাগ।