কথিত মাজারে ঢুকে দুজনকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কথিত এক মাজারে ঢুকে দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার পূর্ব অঞ্চল হাউজিং সোসাইটির আকবর টিলা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত দুজন হলেন রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির (৫৫) ও তাঁর সহকারী আবদুল কাদের (৩০)।

সুমন নামে প্রত্যক্ষদর্শী স্থানীয় এক যুবক জানান, ২০ বছর ধরে আধাপাকা এক কক্ষবিশিষ্ট কথিত এ মাজারে থাকতেন রহমত উল্লাহ। কয়েক বছর ধরে থাকতেন তাঁর সহকারী কাদেরও। আজ দুপুরে ওই মাজারে ঢুকে দুজনকে গলা কেটে হত্যার পর প্যান্ট-শার্ট পরা এক যুবক (বয়স আনুমানিক ৩২ বছর) পালানোর জন্য পাহাড়ের দিকে ছোটেন। এ সময় মনির ও শহিদ নামে স্থানীয় দুই যুবক ধাওয়া করলে ককটেল ছুড়ে তিনি পালিয়ে যান। ককটেলের আঘাতে দুই যুবকই আহত হন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাজারের ভেতর মেঝেতে রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকিরের গলা কাটা লাশ পড়ে আছে। আর স্থানীয় লোকজন গলা কাটা অবস্থায় উদ্ধার করে আবদুল কাদেরকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে আসা নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, কেন এবং কী কারণে মাজারের ভেতর ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় লোকজনের বর্ণনা অনুযায়ী পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।