কথিত 'ইউরেনিয়াম'সহ রাজধানীতে আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথিত ‘ইউরেনিয়াম’ কেনাবেচায় জড়িত অভিযোগে আটক ১১ জনকে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয় l প্রথম আলো
কথিত ‘ইউরেনিয়াম’ কেনাবেচায় জড়িত অভিযোগে আটক ১১ জনকে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয় l প্রথম আলো

কথিত ‘ইউরেনিয়াম’ কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের একজনের কাছ থেকে একটি চামড়ার ব্যাগ উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ বলেছে, আটক ব্যক্তিরা জানিয়েছেন, ওই ব্যাগে দুই পাউন্ড ইউরেনিয়াম আছে। তবে ওই পদার্থ ইউরেনিয়াম কি না, তা নিশ্চিত নয় পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ময়নাল হোসেন (৪৫), হুমায়ুন কবীর (৪৮), কাইয়ুম চৌধুরী (৫৪), কায়েশ আহম্মেদ (৫৪), মো. খালেক (৪৪), স্বপন মোল্লা (৪৫), মো. ফিরোজ (৪৫), মাহফুজুর রহমান (৪২), আসলাম মিয়া (৬১), মইনউদ্দীন সরোয়ার (৩৫) ও তোফায়েল আহম্মেদ পাটোয়ারী (৪৮)।
গতকাল রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একটি বড় চামড়ার ব্যাগ সাংবাদিকদের দেখানো হয়। পুলিশ জানায়, ওই ব্যাগে থাকা ছোট একটি ব্যাগে কথিত ইউরেনিয়াম রয়েছে। সঙ্গে গ্যাস-মাস্ক, বিকীরণ (রেডিয়েশন) মাপার যন্ত্র, তাপমাপক যন্ত্র, বিকীরণ রোধক জ্যাকেট, হাতমোজা এবং ইংরেজি ও রুশ ভাষায় লেখা কিছু ক্যাটালগ রয়েছে।
সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় বলেন, আটক আসলাম মিয়ার বনানীর বাসা থেকে ওই ব্যাগ উদ্ধার করা হয়। ক্যাটালগে ইউরেনিয়াম অ্যাটমিক ওয়েট-২২২.০৭ (এ) লেখা রয়েছে। আটক ব্যক্তিরা দাবি করেছেন, ব্যাগে থাকা দুই পাউন্ড ইউরেনিয়ামের বাজারমূল্য ৫০ কোটি টাকা। তিনি বলেন, আটক ব্যক্তিরা ধনীদের কাছে গিয়ে ইউরেনিয়ামের আন্তর্জাতিক চাহিদা সম্পর্কে ধারণা দিয়ে তাঁদের লাখ টাকা বিনিয়োগ করে কোটি টাকা মুনাফার লোভ দেখাতেন। তাঁদের আকৃষ্ট করতে যন্ত্রপাতি ও ক্যাটালগ দেখাতেন। এভাবে কয়েকজনকে আকৃষ্ট করে কিছু টাকা বিনিয়োগ করিয়ে আটক ব্যক্তিরা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
পুলিশ জানায়, চক্রটি ছয় মাস আগে ঢাকার বাইরে থেকে কথিত ইউরেনিয়ামের ব্যাগটি সংগ্রহ করে। বিভিন্ন সময়ে প্রতারকেরা ‘ব্রিটিশ আমলের সীমানা পিলারে ইউরেনিয়াম আছে’ গুজব তৈরি করে তা সংগ্রহ ও বিক্রির নামে প্রতারণা করেছে। এই চক্রও একই প্রক্রিয়ায় কয়েকজনকে প্রতারণা করেছে।
চক্রটিকে আটকের অভিযান পরিচালনাকারী অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, ওই পদার্থ পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে আণবিক শক্তি কমিশন অথবা অন্য কোনো পরীক্ষাগারে পাঠানো হবে। এ ব্যাপারে বনানী থানায় মামলা হয়েছে।
এদিকে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের একজন কর্মকর্তা জানান, বিভিন্ন ধরনের (আইসোটোপের) ইউরেনিয়াম রয়েছে। কতগুলো ইউরেনিয়াম আলফা ও বিটা রশ্মি বিকীরণ করে। এগুলো বহন করা সহজ। আর কতগুলো গামা রশ্মির বিকীরণ ঘটায়। এগুলো বহনের জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন। চামড়ার ব্যাগে এগুলো বহন করতে হয়। তিনি জানান, বাংলাদেশে বেসরকারিভাবে ইউরেনিয়াম ব্যবহার আইনসিদ্ধ নয়। অর্থাৎ বেসরকারি পর্যায়ে কেউ ইউরেনিয়াম ব্যবহার করতে পারে না।