কদমতলীতে গৃহকর্তাকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর মেরাজনগরে আবু জাফর (৪২) নামের এক ব্যবসায়ীকে নিজ বাসায় গতকাল সোমবার ভোরে গলা কেটে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী-পুত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া গত রোববার রাতে মিরপুরের শাহ আলীর একটি বাসার পানির রিজার্ভ ট্যাংক থেকে বৃষ্টি আক্তার (২২) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য বৃষ্টির স্বামী মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। তাঁরা বেদে সম্প্রদায়ভুক্ত। তাঁদের ১১ মাস বয়সী একটি ছেলে রয়েছে।
নিহত আবু জাফরের ছেলে সাইফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, কদমতলীর রায়েরবাগের মেরাজনগরে নিজের সাততলা বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন জাফর। গতকাল ভোরে তাঁদের বাড়ির ভাড়াটেরা বাসার ফটকের সামনে জাফরকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল পৌনে আটটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সিদ্দিকুর রহমান জানান, আবু জাফর দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। তিন-চার বছর আগে দেশে ফিরে বাসার সামনে একটি মুদিদোকান খোলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি জানান, একই এলাকায় হালিমা বেগম নামে এক নারীকে গোপনে বিয়ে করেছিলেন আবু জাফর। বিষয়টি জানাজানি হলে জাফরের প্রথম স্ত্রী ও সন্তানেরা হালিমাকে তালাক দিতে বাধ্য করেন। এরপরও বিভিন্ন সময় বিষয়টি নিয়ে পরিবারে ঝগড়া হতো।
সিদ্দিকুরের অভিযোগ, দুই স্ত্রীর যেকোনো একজন জাফরকে হত্যা করিয়েছেন।
পুলিশ জানায়, নিহতের গলা কাটা, শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের দাগও ছিল।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) আরশেদুল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, নিহতের স্ত্রী ও সন্তানেরা হত্যায় জড়িত। তারা বাসায় জাফরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিচে ফেলে রাখে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে ‘নাটক’ সাজানো হয়েছে বলেই মনে হচ্ছে।
শাহ আলীতে নিহত গৃহবধূ বৃষ্টি আক্তারের চাচা ইছরাফিল মিয়া জানান, শাহ আলীর গুদারাঘাট এলাকার একটি বাসায় স্বামী মহিউদ্দিনের সঙ্গে থাকতেন বৃষ্টি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাবিজ-কবজ বিক্রি করে সংসার চলত তাঁদের। শুক্রবার রাত থেকে বৃষ্টির খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর স্বামী সবাইকে বলেছেন, ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেছেন বৃষ্টি। এ ঘটনায় শনিবার তাঁর স্বামী মহিউদ্দিন শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর রোববার রাত ১২টার দিকে ওই বাসার রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে সেখানে বৃষ্টির ভাসমান লাশ দেখতে পান কেয়ারটেকার। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ জানান, তিন দিন আগে বৃষ্টিকে শ্বাসরোধ হত্যার পর পানির ট্যাংকে লাশ ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী মহিউদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।