কদমতলীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় স্বপ্না বেগম (৩২) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ওই এলাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। স্বপ্নার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আলম প্রথম আলোকে বলেন, স্বপ্নার বাবা আবদুল বাতেনের কাছ থেকে খবর পেয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বপ্নার স্বামী মাহফুজ আহমেদ পলাতক রয়েছেন। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, কিছুদিন আগে মাহফুজ দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।