কদমতলীতে শিশুর রহস্যজনক মৃত্যু
রাজধানীর কদমতলী এলাকায় আবদুল্লাহ (৭) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ওই এলাকার উজালা ম্যাচ ফ্যাক্টরির ভেতরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বেলা পৌনে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।
আবদুল্লাহ বাবা গোলাম মোস্তফা বিদ্যুৎ বিভাগের কর্মচারী। উজালা ম্যাচ ফ্যাক্টরির পাশে আলীবহর এলাকায় তিনি সপরিবারে বসবাস করেন।
ঢাকা মেডিকেল হাসপাতালে আবদুল্লাহর পরিবারের সদস্যরা জানান, আজ সকাল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে উজালা ম্যাচ ফ্যাক্টরির ভেতরে কাদা-পানির মধ্যে অচেতন অবস্থায় আবদুল্লাহকে পাওয়া যায়। ম্যাচ ফ্যাক্টরিতে আজ কাজ বন্ধ ছিল। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই শিশুকে মৃত ঘোষণা করা হয়।
আবদুল্লাহ শরীরে জখমের চিহ্ন থাকলে তার মৃত্যু কারণ বোঝা যাচ্ছে না বলে জানান কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, আবদুল্লাহর মাথা, বাম চোখে জখমের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।