কনটেইনারে পাওয়া গেল ২ কোটি ৭১ লাখ রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটি কোনো ব্যাংকের কার্যক্রম নয়। চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে আটক করা মুদ্রা গুনতে ব্যস্ত শুল্ক গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
এটি কোনো ব্যাংকের কার্যক্রম নয়। চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে আটক করা মুদ্রা গুনতে ব্যস্ত শুল্ক গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

প্রায় আট ঘণ্টা যাচাইবাছাই করে চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া কনটেইনার থেকে ২ কোটি ৭১ লাখ ভারতীয় রুপি পাওয়া গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত আটটা পর্যন্ত এই রুপি গণনা করা হয়।

গতকাল রোববার সন্ধ্যায় খালাস নেওয়ার সময় ভারতীয় রুপিসহ কনটেইনার জব্দ করা হয়। গৃহস্থালি পণ্যের আড়ালে দুবাইপ্রবাসী শাহেদুজ্জামানের নামে এই মুদ্রা আনা হয়। এই মুদ্রা আনার ঘটনায় জড়িত সন্দেহে পণ্য খালাসকারী এজেন্ট ও আমদানিকারকের ভাইসহ পাঁচজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তবে পণ্যের আমদানিকারক চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান পলাতক।

মুদ্রা গণনা শেষে ঘটনাস্থল থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন প্রথম আলোকে বলেন, গণনা শেষে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ রুপি পাওয়া গেছে। এ ছাড়া পাঁচটি স্বর্ণের চেইনও জব্দ করা হয়েছে।

মুদ্রা গণনার সময় বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, ‘বাসস্থান পরিবর্তনের জন্য গৃহস্থালি পণ্য আনা যায়। তবে শাহেদুজ্জামান যেসব পণ্য এনেছেন এগুলো কোনো রকম ব্যক্তিগত ব্যবহার্য পণ্য নয়। এই চালানটি এসেছে দুবাই থেকে। ভারতীয় রুপি বাংলাদেশে ব্যবহারের জন্য আনা হয়নি। এটি অন্য দেশে যেত। বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের জন্যই এগুলো আনা হয়েছে। এতে একাধিক দেশ ও একাধিক ব্যক্তি জড়িত।’ তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ভারতীয় রুপিগুলো জাল। কারণ, একই নাম্বারের একাধিক রুপি পাওয়া গেছে।

আটক পাঁচ: অবৈধভাবে বিদেশি মুদ্রা আনার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্ট ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম ওরফে শামীম, ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্লাহ, নাহার ট্রেডিং কোম্পানি লিমিটেডের মালিক আহাম্মদ উল্লাহ তালুকদার, গাড়িচালক কাওসার আলম ও পণ্য আমদানিকারকের ভাই তোহিদুল আলম। তবে বন্দর চত্বরে সাংবাদিকদের সামনে এই পাঁচজন ছাড়া মো. ছাবের নামে আরও একজনকে হাজির করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক এ ব্যাপারে বলেন, ‘ছাবেরকে এখনো আটক করা হয়নি। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাইবাছাই করা হচ্ছে। ছাবের কাস্টম হাউসে চা-পানি আনা-নেওয়ার কাজ করেন। এই ছয়জনের সংশ্লিষ্টতা যাচাইবাছাই করে মামলার এজাহারে নাম উল্লেখ করা হবে।’