কনসার্টের টাকা খাদিজার পরিবারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কিডনির রোগে শয্যাশায়ী মেধাবী ছাত্রী খাদিজা আকতারের উন্নত চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছেন পার্বতীপুরের একদল তরুণ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এসব তরুণ পার্বতীপুর ছাত্র একতা পরিষদ ও হেল্প অ্যাসোসিয়েশনের ব্যানারে ঐক্যবদ্ধ হন। তাঁরা খাদিজার চিকিৎসা ব্যয়ের অর্থ জোগাতে আয়োজন করে মুক্তমঞ্চে ‘কনসার্ট ফর খাদিজা’।

পার্বতীপুর স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট থেকে গত শুক্রবার সন্ধ্যায় আয় হয় প্রায় দুই লাখ টাকা। ওই টাকা খাদিজার অভিভাবকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিতে গত সোমবার রাতে তা স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করেন কনসার্টের আয়োজকেরা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর ছাত্র একতা পরিষদের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি মেনহাজুল সরকার ও হেল্প অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা কামাল সরকার।

আহসান হাবিব বলেন, ‘আমরা পার্বতীপুরবাসীর সহযোগিতা ছাড়া অসুস্থ কলেজ ছাত্রী খাদিজার পাশে দাঁড়াতে পারতাম না।’

পার্বতীপুর খোলাহাটি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের মেধাবী ছাত্রী খাদিজা আকতারের দুই কিডনি সম্প্রতি অকেজো হওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দেয়। এ সময় পার্বতীপুরের উদ্যমী তরুণেরা তাঁর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে মাঠে নেমে পড়েন। আয়োজন করেন কনসার্ট ফর খাদিজা।