কনস্টেবল নিহতের ঘটনায় মামলা গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় গত রোববার মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, নিহত কনস্টেবল রুবেল মাহমুদ সুমনের বড় ভাই কামাল হোসেন রোববার দুপুরে মামলাটি করেন। এতে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

এজাহারে বাদী উল্লেখ করেন, রুবেল মাহমুদ ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে শুক্রবার সকালে গ্রামের বাড়ি কালাপাহাড়িয়া এলাকায় আসেন তিনি। ওই দিন বেলা দুইটার দিকে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাবা রূপ মিয়া মেম্বারের (ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি) কালাপাহাড়িয়া গ্রামের বাড়ি ঘেরাও করেন। এরপর হামলা চালানো হয়। সাইফুল তাঁর পিস্তল দিয়ে রুবেল মাহমুদের মাথার পেছনে গুলি করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রুবেল। পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। আশপাশের লোকজন রুবেলকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়ার রাধানগর এলাকায় কোরবানির পশুর হাটের টাকা ভাগাভাগি এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কনস্টেবল রুবেল নিহত হন। আহত হন উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন। আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধসহ ১০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে চারটি বাড়িতে অগ্নিসংযোগসহ ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে সাইফুল ইসলামের লোকদের সঙ্গে রাধানগর গরুর হাটের হাসিলের টাকা নিয়ে রূপ মিয়া মেম্বারের তর্ক হয়। ওই সময় রূপ মিয়ার ওপর হামলা চালানো হয়। তখন পুলিশ রূপ মিয়াকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার বিকেলেই রূপ মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমানের নেতৃত্বে জেলা থেকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও কুপিয়ে রূপ মিয়ার হাত কেটে নেওয়া হয়েছিল।

সাইফুল ইসলাম গতকাল সোমবার মুঠোফোনে বলেন, তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। তিনি নারায়ণগঞ্জে ছিলেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।