কনস্টেবলকে গণপিটুনি, পরে প্রত্যাহার
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের এক কনস্টেবলকে গত শনিবার রাতে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। ওই কনস্টেবলকে গতকাল রোববার সকালে কালিয়াকৈর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে কালিয়াকৈর থানার এক কর্মকর্তার সঙ্গে কনস্টেবল লাল মিয়া উপজেলার পাইকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযোগের তদন্ত করতে যান। এ সময় পাশের বাড়ির এক নারীর সঙ্গে পরিচয় হয় লাল মিয়ার। সেই নারীর স্বামী বিদেশে থাকেন। তখন থেকেই লাল মিয়া মুঠোফোনে ওই নারীর সঙ্গে কথা বলা শুরু করেন। ওই নারীর বাড়িতে যাতায়াতও করতেন তিনি। শনিবার রাত সাড়ে আটটার দিকে লাল মিয়া ওই নারীর ঘরে যান। রাত ১১টার দিকে ঘরের পাশ দিয়ে কয়েকজন যুবক যাচ্ছিলেন। এ সময় তাঁদের সন্দেহ হয়। একপর্যায়ে লাল মিয়া ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তাঁরা।
পরে যুবকেরা আশপাশের বাড়ির লোকজনকে ঘটনাটি জানান। এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে লাল মিয়া ও নারীকে আটক করেন। একপর্যায়ে লাল মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন লোকজন। রাতেই কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিছুর রহমান লাল মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় গতকাল সকালে থানা থেকে লাল মিয়াকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
লাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর মেয়ের সঙ্গে তাঁর (লাল মিয়া) ছেলের বিয়ের কথা চলছিল। এ জন্য ওই বাড়িতে যাতায়াত করতেন তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশে ওই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এলাকা থেকে কোনো অভিযোগ এলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।