কনস্টেবলের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) খেলার মাঠে তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশের ওই কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং গণিত বিভাগের মধ্যে খেলা চলছিল। এ সময় গণিত বিভাগের তিন ছাত্রীকে অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ ওঠে মিজানুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ওই ছাত্রীরা ও তাঁদের সহপাঠীরা এগিয়ে গেলে মিজানুর প্রথমে নিজেকে গণিত বিভাগের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তবে গণিত বিভাগের শিক্ষার্থীদের সন্দেহ হলে তাঁরা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর আলমগীর কবিরকে বিষয়টি জানান। সহকারী প্রক্টর আলমগীর কবির মিজানুর রহমানের সঙ্গে কথা বলেন ও জানতে পারেন, ওই ব্যক্তি শাহপরান হলের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কনস্টেবল। পরিচয় নিশ্চিত হওয়ার পর মিজানুরকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে বুধবার রাতেই মিজানুরকে সিলেট পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল প্রথম আলোকে বলেন, পুলিশের ওই সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করার পর আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগকে যুক্তিযুক্ত ধরে নিয়েই আমরা তাঁকে প্রত্যাহার করে নিয়েছি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করেছি।’