কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে সিগারেট ও গরম তেলের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ওই পুলিশ সদস্যকে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অভিযুক্ত সুজন চন্দ্র শীল (৩০) কুষ্টিয়ার মিরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার ধুপাউড়া গ্রামের বাসিন্দা। তিনি তাঁর স্ত্রী টুম্পা শীলকে (২২) নিয়ে মিরপুর শহরের একটি ভাড়া বাসায় থাকেন।
টুম্পা শীলের বড় ভাই পলাশ কুমার শীল বলেন, দুই বছর আগে পারিবারিকভাবে টুম্পার বিয়ের সময় পাঁচ লাখ টাকা ও সোনার গয়না দেওয়া হয়েছিল। কয়েক মাস পর থেকে সুজন ও তাঁর পরিবারের লোকজন আরও যৌতুক দাবি করে প্রায়ই টুম্পাকে নির্যাতন করছিলেন। টুম্পা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন টুম্পা গতকাল শনিবার দুপুরে অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর ঘাড়ে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেন সুজন। কিন্তু বিষয়টি তিনি পরিবারকে জানাননি। পরের দিন শুক্রবার বিকেলে রান্না করার সময় কড়াইয়ে থাকা গরম তেল তাঁর হাতে-পায়ে ছুড়ে মারেন সুজন। এ সময় বাসার মালিক টুম্পার পরিবারকে খবর দেন। পরে তাঁকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
টুম্পা বলেন, ‘শরীরে সিগারেটের ছ্যাঁকা আর গরম তেলের যন্ত্রণা সইতে পারছি না। সরকারের কাছে আবেদন, সুজনের যেন সঠিক বিচার হয়। সে যেন ছাড় না পায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রকিবুল হক বলেন, টুম্পাকে সন্ধ্যা ছয়টায় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান হাত ও পায়ে এবং ঘাড়ে পোড়ার দাগ রয়েছে। অবস্থার উন্নতি হবে।
সুজন শীল বলেন, টুম্পা ষড়যন্ত্র করে একা একাই শরীরে গরম তেল ও সিগারেটের ছ্যাঁকা নিয়েছেন। যৌতুক চাওয়ার বিষয়টি সত্য নয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়েছে। শনিবার সকালে পুলিশ কনস্টেবল সুজন কুমার শীলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় পলাশ কুমার শীল অভিযোগ করে বলেন, তাঁর বোন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করছে না।