কনস্টেবলের স্ত্রীর আত্মহত্যা
রাজধানীর মুগদায় এক পুলিশ কনস্টেবলের স্ত্রী আজ মঙ্গলবার বিকেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিল্পী মৈত্রের (৩৬) স্বজনদের অভিযোগ স্বামী কোতোয়ালি থানার কনস্টেবল দীপক মৈত্রের নির্যাতনের কারণে শিল্পী আত্মহত্যা করেছে।
শিল্পীর বাবা বিশ্বনাথ জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে মেয়ের বাসায় যান তিনি। এ সময় তিনি জানতে পারেন স্বামী পাশের ঘরে ঘুমিয়েছিল। তাঁদের দুই মেয়ে দীপ্তি (১৩) ও প্রীতিও (৬) অন্য রুমে ঘুমে ছিল। পরে স্বামী ঘুম থেকে উঠে দেখে স্ত্রীর ঝুলন্ত লাশ। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
মৃতের স্বামী দীপক বলেন, রাগারাগিতো প্রায়ই সময়ই হতো। কিন্তু কেন এ কাজ করল তা জানি না। মেয়েরা জানান, তাদের মা খুব রাগী ছিল।
মুগদা থানার উপপরিদর্শক (এস আই) উজ্জ্বল হোসেন বলেন, ‘আমি বাইরে ডিউটিতে ছিলাম। ওসি ওখানে যেতে বলে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’