কনের বাবার দণ্ড, বরপক্ষের দৌড়
সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাল্য বিয়ের আয়োজন করায় বাবার ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরপক্ষের লোকজন দৌড়ে পালিয়ে যায়।
গত রোববার রাত দশটার দিকে মেহেরপুর গাংনী পৌরসভা এলাকায় কনের বাড়িতে ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার রাতে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ের জন্য তাদের বাড়িতে দেখতে আসে ছেলে পক্ষের লোকজন। ছেলেপক্ষের বাড়ি মেহেরপুর শহরে। কনে পছন্দ হলে রাতেই বিয়ে হবে—এমন আয়োজনও চলছিল। খবর পেয়ে নির্বাহী হাকিম জামাল আহম্মেদ পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যায়। পুলিশ কনের বাবাকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এসএম জামাল আহম্মেদ বলেন, বাল্য বিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিয়ের জন্য কারা কনে দেখতে এসেছিল তাদের পুলিশ রাত থেকেই খুঁজছে।