মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত শুক্রবার স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিয়ে আয়োজনের দায়ে কনের বাবা, বরসহ তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে পারিবারিকভাবে এক ব্যক্তির বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বরপক্ষের লোকজন কনের বাবার বাড়িতে যান। খবর পেয়ে রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদুল ইসলামও একদল পুলিশ নিয়ে বিয়েবাড়ি যান। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেন। এ বিয়ের আয়োজন করার অপরাধে তিনজনের প্রত্যেককে এক হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ইউএনও শেখ জাহিদুল ইসলাম বলেন, কনের বাবা অপ্রাপ্ত (১৮ বছরের কম) বয়সে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। তিনজনের কাছ থেকেই জরিমানার টাকা আদায় করা হয়েছে।