কনের বয়স ১৩, বরের ১৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্বপাড়া। নানা আয়োজনে প্রস্তুতি চলছে বিয়ের অনুষ্ঠানের। আগামী রোববারেই যে ঠিক হয়েছে দিনক্ষণ। কিন্তু যাদের জন্য এত আয়োজন, তাদের নিয়েই তো বিপত্তি।
কারণ, কনের বয়স ১৩ এবং বরের বয়স ১৬। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই বাল্যবিবাহের ব্যাপারে কিছুই জানেন না।
গ্রামবাসী ও কনের পারিবারিক সূত্র জানায়, উপজেলার শাহজাদাপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের এক ছেলের বিয়ে ঠিক করা হয়েছে। রোববার এ বিয়ে হওয়ার কথা রয়েছে। তার মা অকপটেই স্বীকার করলেন, অনেক শখ করেই মেয়েকে বিয়ে দিতে চেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব বলেন, ‘এ বিয়ে বন্ধের জন্য আমি ওই পরিবারে যাব।’
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘এটা বাল্যবিবাহ হওয়ায় আমি জন্মনিবন্ধন সনদ দিইনি।’
ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব।’