কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে শ্লীলতাহানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শিশু একাডেমীতে জাতীয় কন্যাশিশু দিবস পালনের অনুষ্ঠানে এক শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর শ্লীলতাহানির অপরাধে এক ব্যক্তিকে আট মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪২)। তিনি নগরের দামপাড়ার বাসিন্দা।
নির্বাহী হাকিম মো. সাব্বির রাহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, জাতীয় কন্যাশিশু দিবস পালনের সময় অনুষ্ঠানে অংশ নিতে আসা চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি। এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আট মাসের দণ্ড দেওয়া হয়েছে।
এ ঘটনায় সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন ও আবিদা আজাদ।