কন্যাশিশুকে হত্যার অভিযোগে মামলা, বাবা পলাতক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ মাসের শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার পিচকামতাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মা মুসলিমা আক্তার মামলা করেছেন। ঘটনার পর থেকে শিশুর বাবা নাজমুল পলাতক।
বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হাকিম বলেন, আট বছর আগে উপজেলার পিচকামতাল গ্রামের নাজমুল মিয়ার সঙ্গে একই গ্রামের মুসলিমা আক্তারের বিয়ে হয়। তাঁদের নুরতাজ (৫) ও নুসরাত জাহান নুরী (১৪ মাস) নামের দুই মেয়ে আছে। নুসরাতের জন্মের পর থেকে নাজমুল অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। সম্প্রতি নাজমুল গোপনে বিয়ে করে রূপগঞ্জের বরপা এলাকায় ভাড়া বাসায় থাকা শুরু করেন। এ খবর পেয়ে গত মঙ্গলবার মুসলিমা বরপা থেকে স্বামী নাজমুলকে বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। গতকাল ভোর পাঁচটার দিকে নাজমুল তাঁর স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় নুরসাতকে গলা টিপে হত্যা করেন। মুসলিমার ডাক-চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ও মুসলিমার মা ছুটে এসে নাজমুলকে ধরার চেষ্টা করেন। এ সময় মুসলিমার মাকে মারধর করে পালিয়ে যান নাজমুল। পুলিশ আসার খবর পেয়ে মুসলিমার শ্বশুর-শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, নিহত শিশুর মা মামলা করেছেন। ঘটনার পর থেকে নাজমুল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।