কন্যাসন্তান হওয়ায় গৃহবধূর হাত ভেঙে দিলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামে কন্যাসন্তান জন্ম দেওয়ায় গত শুক্রবার রাতে আঞ্জুয়ারা বেগম (২৪) নামের এক গৃহবধূকে বেদম প্রহার করেন তাঁর স্বামী। এতে আঞ্জুয়ারার মাথা ফেটে যায় ও বাঁ হাত ভেঙে যায়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আঞ্জুয়ারা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের গড্ডিমারী গ্রামের আবদুল আজিজের মেয়ে।
আবদুল আজিজ বলেন, সাত-আট বছর আগে আঞ্জুয়ারার সঙ্গে নিজ শেখ সুন্দর গ্রামের আবদুর রশিদের ছেলে আশাদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের চার বছরের মাথায় তাঁদের ঘরে ছাব্বির নামের একটি পুত্রসন্তান জন্ম নেয়। গত ২৮ ফেব্রুয়ারি আঞ্জুয়ারার একটি কন্যাসন্তান হয়। তখন থেকেই তাঁর ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। শুক্রবার রাতে আশাদুল আবারও আঞ্জুয়ারার ওপর নির্যাতন শুরু করেন। একপর্যায়ে পিটুনিতে আঞ্জুয়ারার মাথা ফেটে যায় ও তাঁর বাঁ হাত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ ব্যাপারে কথা হয় আঞ্জুয়ারার সঙ্গে। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, তাঁর গর্ভে সন্তান আসার পর থেকেই স্বামী আশাদুল তাঁকে হুমকি দেন কন্যাসন্তান যেন জন্ম না হয়। কন্যাসন্তান জন্ম দিলেই তাঁকে তালাক দেবেন। এরপর কন্যাসন্তান জন্ম হলে সেদিন থেকে তাঁর ওপর নির্যাতন শুরু হয়। এই নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যায়। শুক্রবার রাতে কন্যাসন্তান জন্ম দেওয়ার প্রসঙ্গ তুলে তাঁকে বেদম পিটুনি দেন আশাদুল। এতে তাঁর মাথা ফেটে যায় ও বাঁ হাত ভেঙে যায়।
এ ব্যাপারে জানতে আশাদুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী বলেন, আঞ্জুয়ারার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর বাঁ হাত ভেঙে গেছে। ফলে তাঁকে সুস্থ করে তুলতে অনেক সময় লাগবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।