কপিল হত্যাকাণ্ড নিয়ে পুলিশের অভিযান চলছে, গ্রেপ্তার নেই
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির ছাত্র কপিল বাড়ৈয়ের (২০) মরদেহ উদ্ধারের এক সপ্তাহ পরেও খুনিদের কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ। কপিলের ব্যবহার করা মুঠোফোনটিও উদ্ধার হয়নি।
১৯ ডিসেম্বর বারিধারার জে ব্লকের ৩ নম্বর সড়কের একটি নির্মাণাধীন বাড়ির রিজার্ভ পানির ট্যাংকে কপিলের লাশ পাওয়া যায়। এর দুই দিন আগে কপিলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পুলিশ বলছে, কপিল নিখোঁজ হওয়ার দিনই তাঁকে হত্যা করা হয়েছে। লাশ গুম করার জন্য কপিলের কোমরের সঙ্গে বালুর বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।
পরিবার বলছে, লাশ উদ্ধারের আগের দিন দুপুর থেকে পরবর্তী দুই-তিন দিন কপিলের মুঠোফোন থেকে তাঁর বাবা ভরত চন্দ্র বাড়ৈয়ের মুঠোফোনে খুদে বার্তা এসেছে। বার্তায় কপিলের মুক্তির জন্য ৩৫ লাখ টাকা চাওয়া হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, হত্যাকারীরাই কপিলের মুঠোফোনটি ব্যবহার করছে বলে পুলিশ ধারণা করছে। খুদে বার্তা পাঠানোর পরই মুঠোফোনটি বন্ধ করে রাখছে হত্যাকারীরা। পাশাপাশি একেক বার একেক জায়গা থেকে খুদে বার্তা পাঠানো হয়েছে। তাই পুলিশ মুঠোফোনটি অনুসরণ করেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জানতে চাইলে কপিলের বড় ভাই ও কপি হত্যা মামলার বাদী প্রণব বাড়ৈ বলেন, পুলিশ বলছে হত্যাকরীদের ধরতে তারা চেষ্টা করছে। এর বাইরে কোনো অগ্রগতি নেই। মামলার খোঁজখবর নিতে ঢাকায় আসতে পারছেন না জানিয়ে বলেন, কপিলের মৃত্যুর পর তাঁর বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। প্রণব চোখের আড়াল হলেই কান্নাকাটি করছেন।
কপিল হত্যা মামলাটি তদন্ত করছে ভাটারা থানা-পুলিশ। জানতে চাইলে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন বলেন, ‘আসামিদের ধরতে আমরা চেষ্টা করছি। অভিযান অব্যাহত আছে।’